ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৮ থেকে ১০টি ঘরে অগ্নিসংযোগ এবং ১৫ থেকে ২০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গতকাল সোমবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর ও থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানান, নাটাই উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজঘর গ্রামের আবদুর রউফের সঙ্গে পাশের থলিয়ারা গ্রামের আলী আজমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত শুক্র ও শনিবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। গতকাল সকাল ছয়টার দিকে আলী আজমের পক্ষের লোকজন রাজঘর গ্রামে হামলা চালায়। এ সময় রাজঘর গ্রামের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রামের কয়েকটি খড়ের গাদা ও নাজিম উদ্দিন, নাইম উদ্দিন, মুগেরা বেগম, রফিক মিয়া, নাসির, সোহেরা বেগম, বাবুল মিয়ারসহ অন্তত ১০ থেকে ১২টি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ওয়ালিউল্লাহ জানান, রাজঘর গ্রামের একটি খড়ের গাদা, একটি রান্নাঘর, একটি দোকান ও একটি বসতঘরের আগুন নেভান দমকল বাহিনীর লোকজন। আরও কয়েকটি বাড়িঘরে আগুন লেগেছিল। কিন্তু সংঘর্ষের ভয়াবহতার কারণে তাঁদের লোকজন সামনে যেতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। দুই গ্রাম থেকে দুজন সংঘর্ষের ঘটনায় একটি করে মামলা দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়ের করা হয়েছে।