ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ভাঙচুরের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, রেলস্টেশন, পুলিশের গাড়ি পোড়ানোসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের কান্দিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘাটুরা গ্রামের নয়ন সরকার (১৯), শিমরাইলকান্দি এলাকার সুমন মিয়া (৩২), কান্দিপাড়ার জিয়াউল হাসান (১৯), নূর সৈয়দ (৩২) ও লিটন মিয়া (৩০)। তাঁদের ১২ জানুয়ারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও চিত্র দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে কান্দিপাড়ার উঁচু সেতু-সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি রামদা, একটি চাপাতি ও চারটি রড উদ্ধার করা হয়।
এর আগে এ ঘটনায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাহেদসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ জানুয়ারি এক মাদ্রাসাছাত্রের সঙ্গে ইজিবাইক চালকের বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনায় মাসুদুর রহমান নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। এর জের ধরে পরদিন শহরে রেলস্টেশন ও সুরসম্রাট দ্য আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ বিভিন্ন সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৯ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।