ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রচার চালানোর সময় গতকাল সোমবার ইসলামী ঐক্যজোটের মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মেয়র পদপ্রার্থীসহ ১০ জন আহত হন।
হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভূঞা (৪০), তাঁর ছেলে শামস আল ইসলাম ভূঞা (২৮), ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজুল করিম (২৬), জেলা ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ (২৮), সাংগঠনিক সম্পাদক আবু হানিফ (২৬), আতিকুর রহমানসহ (৩২) ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভূঞা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে ভাদুঘর জামিয়া সিরাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুনিরুজ্জামান সিরাজীর সঙ্গে দেখা করতে যান। এ সময় ওই মাদ্রাসার ছাত্ররা মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভূঞা ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় সিরাজুল ইসলামসহ অন্তত ১০ আহত হন। পরে মাদ্রাসার পাশে থাকা অন্য একটি বাড়িতে গিয়ে তাঁরা আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজুল করিম অভিযোগ করেন, মুনিরুজ্জামান সিরাজী পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী না দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বলেছিলেন। মুনিরুজ্জামান হুজুরের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় বাইরে ইসলামী ঐক্যজোটের মেয়র পদপ্রার্থী ইউসুফ ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাঁদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। হামলার সময় একটি বাড়িতে আশ্রয় নিলে ইট-পাটকেল নিক্ষেপ করে সেই বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়।
ইসলামী ঐক্যজোটের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মো. এনাম বলেন, ভাদুঘরে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রশিদ বলেন, ওই মাদ্রাসার হুজুর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী না দেওয়ার জন্য বলেছিলেন। গতকাল দেখা করতে গেলে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রার্থী ও তাঁর সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে।