ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, তিনি শহরের শীর্ষ সন্ত্রাসী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্রের ভাষ্য, উজ্জ্বলের (২৭) বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ কয়েক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে উজ্জ্বল ও তাঁর সহযোগীরা ঘাটুরা সাতবাড়িয়া এলাকার একটি ইটভাটায় অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। এরপর সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উজ্জ্বল গুলিবিদ্ধ হন। তবে তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ উজ্জ্বলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উজ্জ্বলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা। তিনি জানান, উজ্জ্বলের বুকের মাঝখানে, বাঁ পাশে ও ডান কানে ছিদ্রযুক্ত ক্ষতচিহ্ন রয়েছে। সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে উজ্জ্বলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানা সূত্রে জানা গেছে, উজ্জ্বলের বাড়ি আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে। তিনি ১২ থেকে ১৪ বছর আগে শহরের পূর্ব মেড্ডা এলাকায় এসে নানার বাড়িতে বসবাস শুরু করেন। পরে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। শহরের মেড্ডা ও পাইকপাড়া এলাকার হিন্দুদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলেই উজ্জ্বল সঙ্গীদের নিয়ে হামলা চালাতেন।
পুলিশের ভাষ্য, উজ্জ্বল দুই বছর আগে শহরের কাউতলী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রহিম সর্দারকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেন এবং কুখ্যাত হয়ে ওঠেন। সর্বশেষ সহযোগীদের নিয়ে উজ্জ্বল ৩১ মার্চ সকালে শহরের মেড্ডা মাছ বাজারে চায়ের দোকানে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর আত্মগোপনে চলে যান। এর পরও তিনি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে লোকজনের কাছে চাঁদা দাবি করতেন। এসব ঘটনায় উজ্জ্বলকে পুলিশে ধরিয়ে দিতে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ১৭ এপ্রিল এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।