ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ছুরিকাঘাতে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরে গতকাল রোববার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তফা হাসান নামের এক যুবক নিহত হয়েছেন। একই দিন ভাতিজার ছুরিকাঘাতে কুমিল্লার মুরাদনগরের আবদুর রব ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মতিলাল দাস নামের দুজন খুন হয়েছেন।
নিহত মোস্তফা (২৮) কুমিল্লা নগরের নুরপুর বড়বাড়ি এলাকার প্রয়াত হাকিম মিয়ার ছেলে। তাঁর বড় ভাই এসহাক মিয়া কোতোয়ালি মডেল থানায় তিন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ ও পরিবারের ভাষ্যমতে, গতকাল বেলা তিনটার দিকে নুরপুর দক্ষিণ পাড়া বিদ্যালয়সংলগ্ন একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন মোস্তফা। এ সময় তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পাশের হযরতপাড়া এলাকার মো. স্বপন, তুষার মিয়া ও মো. রানা। একপর্যায়ে তাঁরা ছুরি দিয়ে মোস্তফার বুকের বাঁ দিকে ও পেটে আঘাত করেন। মোস্তফার চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসার আগেই হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। মোস্তফাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মোস্তফার বড় ভাই এসহাক মিয়া বলেন, ‘হযরত পাড়া এলাকার তিনজন ছেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে আমার ভাইকে হত্যা করা হলো, তা বলতে পারব না।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
চাচা খুন, ভাতিজা আটক
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাসংলগ্ন খামার গ্রামের বাহরাইনপ্রবাসী মনিরুল ইসলাম (২৮) গত বৃহস্পতিবার দেশে আসেন। এরপর থেকে তিনি চাচাতো ভাই মো. রবিনকে খুঁজছিলেন। গতকাল বিকেল চারটার দিকে বাড়ি থেকে বের হচ্ছিলেন রবিনের বাবা আবদুর রব (৪৫)। অতর্কিতে তাঁর ওপর আক্রমণ করেন মনিরুল। তিনি সড়কে চাচাকে ফেলে দিয়ে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। তবে তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে মনিরুলকে ধরে ফেলেন। আবদুর রবকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আটক মনিরুলকে বাঙ্গরা থানা-পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় মনিরুলকে আসামি করা হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
ভাতিজাকে আটকাতে গিয়ে খুন
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কাশিপাড়া গ্রামের হরেন্দ্র দাসের ছেলে সুজিত দাস (৩০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত শনিবার তিনি এলাকার কয়েকজনকে কামড়ে দেন।
তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সুজিতকে শিকল দিয়ে বাঁধেন। তবে শিকল খুলে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় চাচা মতিলাল দাস (৪৮) এগিয়ে গেলে তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করেন সুজিত। তাঁকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি আবু জাফর প্রথম আলোকে বলেন, পুলিশ সুজিত দাসকে আটক করেছে।