ব্রাহ্মণবাড়িয়া ও কেরানীগঞ্জে 'ক্রসফায়ারে' তিনজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া ও কেরানীগঞ্জে পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ তিনজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিহত রুকন মিয়া ওরফে শিবদালী (৪৫) অটোরিকশা চোর চক্রের দলনেতা। একই জেলার কসবায় নিহত ইউসুফ মিয়া (২৭) মাদক ব্যবসায়ী। এ ছাড়া কেরানীগঞ্জে নিহত যুবককে ডাকাত বলে দাবি করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় নিহত দুজনের পরিবার বলেছে, রুকন মিয়া ও ইউসুফ চোর কিংবা মাদক ব্যবসায়ী নন। সরাইলে আটকের ১০ ঘণ্টা পর গত শুক্রবার রাত একটার দিকে সরাইল থানার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রুকন মিয়া।
সরাইল থানার পুলিশ জানায়, শুক্রবার বেলা তিনটার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় থেকে চোরাই একটি অটোরিকশাসহ রুকন মিয়াকে আটক করে পুলিশ। রাতে তাঁকে নিয়ে অস্ত্র ও চোরাই অটোরিকশা উদ্ধারে অভিযান চালানো হয়। রাত একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় পৌঁছালে ১৫-২০ জন দুর্বৃত্ত রুকন মিয়াকে ছিনিয়ে নিতে পুলিশকে গুলি করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতেই রুকন মিয়া গুরুতর আহত হন। পরে পুলিশ রুকন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, তিনটি গুলি ও গুলির চারটি খোসা, একটি ছুরি ও দুটি বল্লম উদ্ধার করেছে। রুকন মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর (নোয়াবাড়ী) গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে।
রুকন মিয়ার ভাই আরশাদুল মিয়া বলেন, তাঁর ভাই একজন অটোরিকশা ব্যবসায়ী ছিলেন। ভাইয়ের একাধিক অটোরিকশার দোকান রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, রুকন মিয়ার বিরুদ্ধে সরাইল ও সদর থানায় অটোরিকশা চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। তিনি আন্তজেলা অটোরিকশা চোর চক্রের সর্দার ছিলেন। গোলাগুলির সময় থানার পুলিশের তিন সদস্য আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত ১৯ মাসে সরাইলে এ নিয়ে নয়টি ঘটনায় সাতজন নিহত হন।
কসবায় ইউসুফ মিয়া নিহত হওয়ার ঘটনা নিয়ে কসবা থানার ভাষ্য, গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কালামুড়িয়ায় অভিযান চালায়। এ সময় স্থানীয় রমজান মিয়ার বাড়ি থেকে পলিথিনে মোড়ানো ৯০ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রমজান মিয়ার স্ত্রী রানোয়ারা বেগম (৩৮), একই গ্রামের রুক্কু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং ইউসুফ মিয়াকে গ্রেপ্তার করে। ইউসুফের তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে পুলিশ শুক্রবার রাত তিনটার দিকে মাদক উদ্ধারে আবার কালামুড়িয়ায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশও পাল্টা গুলি চালায়। ইউসুফের সহযোগীদের করা গুলি বুকে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পুলিশের চার সদস্য আহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলি ও ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।
ইউসুফের বাবা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে মাদক ব্যবসা করে না। ইউসুফকে এলাকার সবাই ভালো জানত। তার বিরুদ্ধে কসবা থানায় কোনো মামলা কিংবা অভিযোগও নেই।’
এদিকে গত শুক্রবার গভীর রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ এক যুবক নিহত হন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দিপক চন্দ্র সাহা বলেন, রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল ঝিলমিল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে কেরানীগঞ্জ থানা ও ডিবি পুলিশ ওই এলাকায় যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পরে থাকতে দেখা যায়। পরে চিকিৎসার জন্য পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে ও মাথায় দুটি করে গুলি লেগেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ দাবি করে, ঘটনার সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।