ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডবে ছাত্ররা জড়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে মাদ্রাসার ছাত্ররা জড়িত নয় বলে দাবি করেছে কান্দিপাড়া জামিয়া ইসলামি ইউনুছিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ দাবি করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুবারকুল্লাহ।
বেলা ১১টার দিকে মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি মুবারকুল্লাহ বলেন, গত মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় তাণ্ডবের ঘটনায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা জড়িত নন। দুষ্কৃতকারীরা এসব হামলা চালিয়েছে।
তাণ্ডবের ঘটনার উসকানিদাতা হিসেবে মাদ্রাসার শিক্ষক মনিরুজ্জামান সিরাজীকে দায়ী করে জেলা আওয়ামী লীগের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মুফতি মুবারকুল্লাহ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’ রেলওয়ে স্টেশন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান অধ্যক্ষ।
একই সঙ্গে মাদ্রাসার ছাত্র মাসুদুর হত্যার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান মুফতি মুবারকুল্লাহ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক আশেকে এলাহী, শামছুল হক, আবদুর রহিম কাসেমী প্রমুখ।
এদিকে মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমানের মৃত্যুর চার দিন পার হলেও গতকাল সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত কোনো মামলা হয়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
গত সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে জেলা পরিষদ মার্কেট এলাকায় একজন ইজিবাইকচালকের সঙ্গে কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় মাদ্রাসার ছাত্ররা জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনি আহমেদকে মারধরসহ দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়। একপর্যায়ে আহত মাদ্রাসার ছাত্র মাসুদুরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। এর জের ধরে পরদিন মঙ্গলবার জেলা রেলওয়ে স্টেশন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রন্থাগার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্র ও কিছুসংখ্যক বহিরাগত এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।