ব্রাহ্মণবাড়িয়া শিশুকে ধর্ষণ, যশোরে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত মঙ্গলবার। একই দিনে যশোর সদরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তার বাবা। এ ছাড়া নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মানসিক প্রতিবন্ধী কিশোরী, চাঁদপুরের মতলবে এবং বরিশালের গৌরনদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক মামলা হয়েছে মঙ্গলবার এবং গতকাল বুধবার।

নবীনগর উপজেলায় ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা মঙ্গলবার রাতে নবীনগর থানায় প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে মামলা করেন।

শিশুটির বাবা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সময় প্রতিবেশী ওই কিশোর বিস্কুট দেওয়ার কথা বলে তাঁর মেয়েকে বাড়ির পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় তাঁর স্ত্রী বাড়িতে ফিরলে শিশুটি ঘটনা জানায়। পরে রাত নয়টার দিকে থানায় মামলা করা হয়।

একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত কিশোর কিংবা তার পরিবারের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোর সদর উপজেলায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গতকাল যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এই মামলার আসামিও এক কিশোর। শিশুটির বাবা বলেন, ওই কিশোর তাঁদের প্রতিবেশী। মঙ্গলবার বিকেলে তাঁর মেয়ে পাশের বাড়ির আরেকটি শিশুর সঙ্গে খেলছিল। তখন প্রতিবেশী ওই কিশোর তাঁর মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ফিরে তাঁকে সব জানায়। তিনি ওই কিশোরের পরিবারের সদস্যদের কাছে নালিশ করতে গেলে তাঁরা উল্টো তাঁকে মারধর করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, যশোর জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আদালতে নিয়ে ওই শিশুর জবানবন্দি নেওয়া হয়েছে। আসামি পলাতক।

এদিকে বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় গতকাল উজিরপুর থানায় এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। শিশুটি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলায় বলা হয়, গত রোববার বিকেলে ১৪ বছরের এক কিশোর শিশুটিকে ধর্ষণ করে।

নারায়ণগঞ্জের বন্দরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে উপজেলার নবীগঞ্জ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলো মহিউদ্দিন লিমন, সজিব, ফয়সাল ও মোকারম।

৩ আগস্ট সন্ধ্যায় নবীগঞ্জে লোহিয়া কোম্পানির পাটের গুদামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই কিশোরীর মা মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলা করেন।

বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। সোমবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে উল্লেখ করে মামলা করেছেন তার বাবা। আসামি রণি ব্যাপারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ, যশোর অফিস এবং ব্রাহ্মণবাড়িয়া, মতলব দক্ষিণ (চাঁদপুর) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি}