ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামলা, পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে হামলা চালিয়ে ১০টি কক্ষে ভাঙচুর করেছে এলাকাবাসী। অ্যাম্বুলেন্স চালকের অসহযোগিতার কারণে এক শিশু রোগীর মৃত্যুর ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক এসআই, ছাত্রলীগের নেতাসহ পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা (৩৪) ও জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলম (২৯)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের দারোগাবাড়ির আবুল কালাম আজাদের ছয় বছরের ছেলে নিলয় বাড়ির সীমানাপ্রাচীর থেকে পড়ে গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হক নিলয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দেন। নিলয়ের স্বজনরা তাকে সার্জারি বিভাগে নিয়ে যান। বুকের হাড় ভেঙে যাওয়ায় নিলয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সার্জারি বিভাগের চিকিৎসক মুহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শী ও নিলয়ের স্বজনেরা জানান, ঢাকায় নেওয়ার জন্য স্বজনেরা নিলয়কে নিয়ে জেলা সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে ওঠেন। কিন্তু অ্যাম্বুলেন্সচালক হুমায়ূন লস্কর ঢাকায় যেতে অপারগতা প্রকাশ করেন। নিলয়কে ওই অ্যাম্বুলেন্সে প্রায় ৪৫ মিনিট রেখে হুমায়ূনের সঙ্গে স্বজনেরা বাগ্বিতণ্ডা করেন। পরে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে তোলার কিছুক্ষণ পরই সে মারা যায়। তার মৃত্যুর কথা শুনে দুপুর সাড়ে ১২টার দিকে নাটাই গ্রামের দুই শতাধিক লোক হাসপাতালে ছুটে আসে। তারা হাসপাতালের অন্তত ১০টি কক্ষের জানালার গ্লাস, চেয়ার-টেবিল, যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এসআই সোহাগ রানা, ছাত্রলীগের নেতা আশরাফুল আলমসহ পাঁচজন আহত হন। পরে পুলিশ পাঁচ-ছয়টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিলয়ের বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্সে ছেলেকে প্রায় এক ঘণ্টা সময় রাখা হয়েছিল। প্রথমে চালকই খুঁজে পাইনি। কিন্তু পাওয়ার পর ওই চালক ঢাকায় যেতে রাজি হয়নি।’ চালক হুমায়ূন লস্কর ঢাকায় যেতে অপারগতা প্রকাশের কারণ জানতে চাইলে দাবি করেন, ‘আমি অপারগতা প্রকাশ করিনি। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তাতে স্বাক্ষরসহ কিছু আনুষঙ্গিক কাজ করতে দেরি হয়ে গেছে।’
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবু সাইদ বলেন, এ ঘটনায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রানা নুরুস শামসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অ্যাম্বুলেন্সচালক হুমায়ূনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।