ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ১৫ শিক্ষার্থী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশীনগর সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরার সময় ১৫ জন ছাত্রকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এঁদের মধ্যে ১৩ জনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরে বিজিবি এই ১৫ জনকে বিজয়নগর থানায় সোপর্দ করে।
আজ বৃহস্পতিবার ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন সিংগারবিল বিওপি হতে প্রায় এক কিলোমিটার দক্ষিণে কাশিনগর সীমান্ত এলাকায় ১৫ জন অপরিচিত তরুণকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে বিজিবির টহল দল তাঁদের আটক করে। এরপর তাঁদের বিষয়ে অধিকতর তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ১৫ জনের মধ্যে নয়জন বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন, নর্দান ইউনিভার্সিটির একজন, উত্তরা ইউনিভার্সিটির একজন, শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের একজন এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন। তবে সীমান্ত এলাকায় তাঁদের আসার কারণ তদন্তের পর জানা যাবে।