ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে তদন্ত শুরু
নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম ও হিসাবরক্ষক মো. আলমগীর কবির খান সিভিল সার্জনের কার্যালয়ে এসে তদন্তের কাজ শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা এলাকার আবদুস সালাম স্বাস্থ্য বিভাগে ১৭২ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে চলতি মাসে সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের দু্ই কর্মকর্তা গতকাল তদন্তের কাজ শুরু করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রথম দিন সাবেক সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস ও অভিযোগকারী আবদুস সালামকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলাম।
কিন্তু তাদের দুজনের কেউ হাজির হননি। পরে আমরা এ বিষয়ে জানতে জেলা সদর হাসপাতাল ছাড়াও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছি।’
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. শওকত হোসেন বলেন, জেলার সব কটি উপজেলা স্বাস্থ্য ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের ১১ পদে ১৭২ জনকে নিয়োগে সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ছিল। এই অভিযোগ তদন্ত করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।
সিভিল সার্জনের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগের বিষয়টি নিয়ে ২ আগস্ট প্রথম আলোয় ‘কোটি টাকার নিয়োগ-বাণিজ্য! সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি’ ও ৪ আগস্ট ‘নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনকে ওএসডি’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়।