ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক কিলোমিটার দৈর্ঘ্যের অবৈধ গ্যাসলাইন উপড়ে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ গ্যাস-সংযোগ স্থাপনের দায়ে এক গ্রাহককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বেলা একটার দিকে নির্বাহী হাকিম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম মোসা এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে দক্ষিণ সরকারপাড়া এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় সরকারপাড়া কবরস্থান এলাকা থেকে দক্ষিণ দিকের এক কিলোমিটার পর্যন্ত অবৈধ গ্যাসলাইন উপড়ে ফেলা হয়। এতে ওই এলাকার প্রায় ২০০ অবৈধ গ্রাহকের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় অবৈধভাবে গ্যাস-সংযোগ স্থাপনের দায়ে জ্যোৎস্না বেগম (৬৫) নামের এক গ্রাহককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনডিসি এ এস এম মোসা জানান, দক্ষিণ সরকারপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় গ্যাস বিল পরিশোধের কোনো বই না থাকায় জ্যোৎস্না বেগমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য গ্রাহকদের বই তাঁর কাছে প্রাথমিকভাবে সঠিক বলে মনে হয়নি।