ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর খুন, ধরমপাশায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজ বাড়ির সামনে এক কিশোর খুন হয়েছে। গত রোববার রাতেপৌর এলাকার দাতিয়ারার কুরুলিয়া খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মহদীপুর গ্রাম থেকে গতকাল সোমবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় খুন হওয়া কিশোরের নাম আকরাম হোসেন ওরফে শুভ (১৫)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা থানা এলাকার আবদুর রহিমের ছেলে। আকরামের পরিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় ভাড়া থাকে। সে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ধরমপাশায় উদ্ধার হওয়া লাশটি মহদীপুর গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী নওরীন জাহান ওরফে সাহিদার (২৭)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে তিন তরুণ আকরামকে ঘর থেকে ডেকে নিয়ে যান। বাড়ির সামনে কুরুলিয়া খালপাড় এলাকায় ওই তরুণেরা আকরামের বুকে ছুরিকাঘাত করেন। এ সময় আকরামের কাছে থাকা একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে ওই তরুণেরা পালিয়ে যান। পরে আকরামের চিৎকারে তার ছোট ভাই শান্ত, বাবা আবদুর রহিম ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মাইনুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
গৃহবধূ নওরীনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে রান্না করার জন্য নওরীন তাঁদের বসতঘর লাগোয়া বৈঠকঘর থেকে লাকড়ি আনতে যান। সেখান থেকে ফিরতে দেরি হচ্ছে দেখে তাঁর জা ইতি আক্তার তাঁকে খোঁজ করেত ওই বৈঠকঘরে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি ঘরের ধরনার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ধরমপাশা থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ওই গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।