ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পারভেজ মিয়া (২৮) নামের গুলিবিদ্ধ হওয়া তরুণের মৃত্যু হয়েছে। তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

পারভেজ সদর উপজেলার চিনাইর গ্রামের উত্তরপাড়ার আউয়াল মিয়ার ছেলে। গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত পারভেজের লাশ বাড়ি এসে পৌঁছায়নি।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ চিনাইর উত্তরপাড়ার জামতলী মুন্সি মার্কেটে ফ্ল্যাক্সি লোড ও বিকাশের ব্যবসা করতেন। চিনাইর উত্তরপাড়া গ্রামের পারভেজের প্রতিবেশী অনিক খন্দকার ওরফে দুলালসহ কয়েকজন মিলে পারভেজের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন পারভেজ। এর জের ধরে ৭ জুলাই রাতে অনিক খন্দকার তাঁর চাচাতো ভাই সজল খন্দকারসহ কয়েকজনকে নিয়ে চিনাইর উত্তরপাড়ার জামতলী মুন্সি মার্কেটে পারভেজের ওপর হামলা চালান। হামলায় পারভেজ ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে পারভেজকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেওয়া হয়।

পারভেজের চাচাতো ভাই মো. বায়েজিদ জানান, চাঁদার দাবিতে এ হামলা হয়। এ ঘটনায় পারভেজের বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি নবীর হোসেন জানান, গুলিবিদ্ধ পারভেজ মারা গেছেন বলে জানতে পেরেছেন তাঁরা। আগে দায়ের হওয়া হামলার মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।