ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ ও প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। একই রাতে নাসিরনগরে দুর্বৃত্তরা এক বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে খুন করেছে।
বিজয়নগরে নিহত গৃহবধূর নাম শাহীনা আক্তার। তিনি ওই উপজেলার শশই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ বাবুল মিয়াকে আটক করেছে। নাসিরনগরে নিহত বাকপ্রতিবন্ধীর নাম শহীদ মিয়া (৪৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাসিন্দা।
শাহীনা আক্তারের পরিবার ও বিজয়নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এক যুগ আগে নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের শাহীনা আক্তারের সঙ্গে শশই গ্রামের হরমুজ আলীর ছেলে বাবুল মিয়ার বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে আছে। পারিবারিকসহ নানা বিষয় নিয়ে বাবুলের সঙ্গে শাহীনার প্রায়ই কলহ হতো। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন বিজয়নগর উপজেলার শশই গ্রাম এলাকায় শাহীনার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহীনা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। শাহীনা আক্তারের ভাই মোবারক হোসেন অভিযোগ করেন, বাবুল তাঁর বোনকে প্রায়ই মারধর করতেন। গত রোববার রাতে বাবুল ও তাঁর পরিবারের লোকজন মিলে শাহীনাকে কুপিয়ে হত্যা করেছেন। পরে তাঁরা শাহীনার লাশ মহাসড়কের পাশে রেখে দিয়েছেন। হত্যার অভিযোগ অস্বীকার করেছেন শাহীনার শ্বশুর হরমুজ আলী। বিজয়নগর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে শাহীনা আক্তারের মাথায় তিনটি গভীর ক্ষতের চিহ্ন, বাঁ পায়ের ঊরুতে দুটি, দুই হাঁটু ও দুই হাতের কনুই এবং থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।
নাসিরনগর উপজেলার সুইপার কলোনির কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ থেকে ছয় বছর ধরে ফান্দাউক মাছ বাজারসংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা বিজয় দাসের বাড়িতে থাকেন শহীদ। গত রোববার বিজয় তাঁর তিন মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে নাসিরনগর সদরে বেড়াতে যান। শহীদ রাতে বিজয়ের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত বিজয়ের বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা শহীদের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে শহীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে শহীদ বিজয়ের বাড়িতে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিজয়ের বাড়ি থেকে শহীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।