ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকা থেকে সানজিদা খানম নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে।
নিহত সানজিদা খানম (২২) আখাউড়ার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের নাজির উদ্দিনের (২৫) স্ত্রী ও কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুর পরিবার নিয়ে এক বছর ধরে কলেজপাড়ায় ভাই ভাই ম্যানশনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বাস করছেন। দেড় মাস আগে নাজিরের সঙ্গে সানজিদার বিয়ে হয়। সানজিদা তাঁর স্বামীকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন। গত বুধবার বিকেল চারটার দিকে বাসা থেকে সানজিদা বের হন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১১টার দিকে সানজিদার বিষয়ে মুজিবুর সদর থানায় জিডি করেন। গতকাল সকালে ওই ভবনের দারোয়ান ইব্রাহিম মিয়া ছয়তলায় ঝাড়ু দিতে যান। সেখানে তিনি সিঁড়িঘরের সামনে সানজিদার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সানজিদার স্বামীকে তাঁর বাবার ফ্ল্যাট থেকে আটক করে থানায় নিয়ে যায়।
সানজিদার বাবা মুজিবুর রহমান অভিযোগ করেন, ‘গত বুধবার আমার মেয়ে বাসা থেকে বের হওয়ার পর পেছনে তার স্বামীও বের হয়েছিল। বাসা থেকে মেয়ে বের হওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই মেয়ের জামাতা নাজির ঘরে আসে। সে সময় তার সারা শরীর কাঁপছিল। তখন সে চোখেমুখে বেশি করে পানি দিয়েছিল। পরে মেয়ের মুঠোফোন নাজিরের হাতে দেখতে পাই।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই আনিস আল মাহমুদ বলেন, নিহতের দুই হাত ওড়না দিয়ে এবং পা পুরোনো একটি প্যান্ট দিয়ে বাঁধা ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, এ ব্যাপারে সানজিদার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাজির উদ্দিন থানা হেফাজতে আছেন।