ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রবাসী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা ও মূল্যবান মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রহমান খান (২৯) নামের এক সিঙ্গাপুরপ্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলার আসামি মো. আবদুল্লাহ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সূত্রে এ কথা জানা গেছে।
গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সদর) মনিরা সুলতানার আদালতে আবদুল্লাহ (২২) ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ভোরে জেলা শহরের কলেজপাড়া মোড়ে মাহবুবুর খুন হন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার ফজলুর রহমান খানের ছেলে। ওই খুনের মামলায় জড়িত সন্দেহে ইসরাত জাহান (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাতের সঙ্গে আড়াই বছর আগে সিঙ্গাপুর থাকার সময় মুঠোফোনে মাহবুবুবের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আবদুল্লাহর জবানবন্দির উদ্ধৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ইশতিয়াক আহমেদ বলেন, ২০ আগস্ট ভোর পৌনে চারটার দিকে ছিনতাইকালে মাহবুবুরের বুকে ছুরিকাঘাত করেন আবদুল্লাহ। এ সময় আবদুল্লাহর সঙ্গে তাঁর ভাই লোকমান মিয়া, লোকমানের বন্ধু বাবুল মিয়া, হৃদয় মিয়া ও আনাছ মিয়া ছিলেন। তাঁরা মাহবুবুরের টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, ছিনতাই হওয়া মুঠোফোনের আইএমই নম্বর ব্যবহার করে ২৬ অক্টোবর আবদুল্লাহকে শহরের কাজীপাড়া মৌলভীহাটি এলাকা থেকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরও বলেন, চলতি বছরের জুন মাসের শুরুর দিকে মাহবুব সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন। তিনি ১৯ আগস্ট রাতে ইসরাতের সঙ্গে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ২০ আগস্ট ভোর পৌনে চারটায় ছুরিকাঘাতে আহত হয়ে তিনি এক রিকশাচালকের সহযোগিতায় ইসরাতের বাসায় খবর পাঠান। ইসরাত ও তাঁর মা ঘটনাস্থলে এসে মাহবুবুরকে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে ইসরাতকে আটক করে। এ ঘটনায় ওই দিন মাহবুবুরের বাবা ইসরাতকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ নিয়ে ২১ আগস্ট প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২৬ অক্টোবরই আটক করার পর আবদুল্লাহকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।