ব্রাহ্মণবাড়িয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে আকরাম হোসেন (২৪) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী নাসিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
আকরাম শহরের কাজীপাড়ার এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তাঁর স্ত্রী নাসিমা আক্তার ওরফে শান্তা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আনিছ মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ছয় থেকে সাত মাস আগে নাসিমা আক্তারকে বিয়ে করেন আকরাম। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শহরের পুনিয়াউট এলাকায় দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তাঁরা। গতকাল শনিবার সকাল আটটার দিকে নাসিমা স্থানীয় লোকজনকে তাঁদের বাড়িতে ডেকে বলেন তাঁর স্বামী আকরাম অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় স্থানীয় লোকজন আকরামের গলায় কালো দাগ দেখতে পান।
পরে নাসিমা একটি ইজিবাইকে করে আকরামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর জানতে পেরে আকরামের পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ হাসপাতালে এসে শান্তাকে আটক করে। গতকাল বেলা সোয়া তিনটার দিকে সদর হাসপাতালে আকরামের লাশের ময়নাতদন্ত করা হয়।
আকরামের বড় ভাই ইদ্রিস মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে মেরে হাসপাতালে ফেলে রাখা হয়েছে। গতকাল সকালে পুনিয়াউটের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে হাসপাতালে এসে আকরামের লাশ দেখতে পাই।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে ও প্রাথমিক তদন্তে মনে হয়েছে আকরাম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। আকরামের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।