ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় মাদক ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল বিশ্বরোড মোড় এলাকায় কুট্টাপাড়া গ্রামের মোরশেদ মিয়া (৩৫) ও বেতবাড়িয়া গ্রামের বাবুল মিয়া (৩৫) পাঁচ-ছয় বছর ধরে যৌথভাবে মাদক ব্যবসা করছিলেন। কয়েক মাস আগে তাঁদের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধ দেখা দেয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুলের স্ত্রী আসমা বেগম বিশ্বরোড মোড় এলাকায় মাদক বিক্রি করতে গেলে মোরশেদ মিয়ার লোকজন বাধা দেন। কিছুক্ষণ পর বাবুল মিয়া ও তাঁর লোকজন কুট্টাপাড়া গ্রামের আরমান মিয়াকে (২২) বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে মারধর করেন। এর জের ধরে বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন বিশ্বরোড মোড় এলাকায় ফসলি জমিতে দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পৌনে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

সংঘর্ষে আহত বেতবাড়িয়া গ্রামের বাবুল মিয়া, রফিক মিয়া (৩২), ইউসুফ মিয়া (২৮), রশিদ মিয়া (৩২), কালু মিয়া (৩৫) এবং কুট্টাপাড়া গ্রামের আরমান মিয়া, আবু তাহের (৩০), মহসিন মিয়া (২৮) ও মাসুদ মিয়াকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।