ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীবাহী লেগুনা চলাচলের প্রতিবাদে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন বাস মালিক ও শ্রমিকেরা ছবি: প্রথম আলো
যাত্রীবাহী লেগুনা চলাচলের প্রতিবাদে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন বাস মালিক ও শ্রমিকেরা ছবি: প্রথম আলো

যাত্রীবাহী লেগুনা চলাচলের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে মহাসড়কে তিন চাকার সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে মোটরযান সংকটে পড়ে। সাত-আট মাস আগে মহাসড়কের এ অংশে কয়েকটি লেগুনা যাত্রী বহনের চেষ্টা করেছিল। এ নিয়ে বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে লেগুনার মালিক-শ্রমিকদের বিরোধ দেখা দেয়। একাধিকবার সংঘাতের ঘটনাও ঘটে। এরপর পাঁচ-ছয় মাস মহাসড়কে লেগুনা চলাচল করেনি। মাস খানেক আগে অর্ধশতাধিক লেগুনা মহাসড়কে চলাচলের চেষ্টা করে। এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ গোলচত্বর থেকে কয়েকটি লেগুনা মহাসড়কে চলাচলের চেষ্টা করলে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাধা দেন। এ নিয়ে বাসশ্রমিক ও লেগুনাশ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে মহাসড়কে লেগুনা চলাচল বন্ধের দাবিতে দুপুর ১২টার দিকে বাসমালিক-শ্রমিকেরা আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপর কয়েকটি বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন।

এদিকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির লোকাল বাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিয়ামত খান জেলা সদর থেকে আশুগঞ্জ গোলচত্বরে যাচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে সরাইল উপজেলার বেড়বলা এলাকায় লেগুনা পরিবহনের লোকজন তাঁর গাড়ির গতিরোধ করেন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সোয়া দুইটার দিকে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছ মিয়ার নেতৃত্বে ঢাকা-সিলেটমহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকা অবরোধ করা হয়। পরে একই মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা, বারিউড়া, শাহবাজপুর বাসস্ট্যান্ড এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করা হয়।

বেলা তিনটার দিকে পুলিশ সুপার মিজানুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।