ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সংঘর্ষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলায় পৃথক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ সকালে সদর উপজেলার দারমা গ্রামে ও বিজয়নগর উপজেলার ডালপা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দারমা গ্রামে গতকালের ঈদের জামাতে ইমামতি নিয়ে গ্রামের হাজি ও বলার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে আজ বেলা ১১টার দিকে হাজি গোষ্ঠীর লোকজন বলার গোষ্ঠীর লোকজনের ওপর আচমকা হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় বলার গোষ্ঠীর রহমত আলীকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর উপজেলার দারমা গ্রাম থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে বিজয়নগর উপজেলার ডালপা গ্রামে আক্কল আলী ও ধনমিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার রাতে খাদুরাইল গ্রামের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তারের বাড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতা না হওয়ায় আজ সকাল ১০টার দিকে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।