ব্রাহ্মণবাড়িয়ায় দেবর ও ভাবিকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দেবর ও ভাবিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন পূর্ব পাইকপাড়ার নীলকান্ত দাস (৩৫) ও তাঁর বড় ভাই জয়ন্ত দাসের স্ত্রী ভগবতী দাস (৩৫)। হাতের রগ কেটে যাওয়ায় নীলকান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভগবতী দাসকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভগবতী দাস অভিযোগ করেন, দেড় বছর আগে পূর্ব পাইকপাড়ার তিতাস নদসংলগ্ন বান্নীঘাট এলাকার একটি জমি নিয়ে একই এলাকার গৌর সাহার সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরেই গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গৌর সাহার ভাড়াটে ১০-১৫ জন সন্ত্রাসী তাঁদের বাড়িতে এসে অতর্কিতে হামলা চালায়। এ বিষয়ে চেষ্টা করেও গৌর সাহার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।