ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ ও কিশোরগঞ্জে তরুণী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামে গত সোমবার রাতে বল্লমের আঘাতে আবু নাছির (৬৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে জোসনা আক্তার (২৭) নামের এক তরুণী নিহত হয়েছেন।

কসবায় বৃদ্ধ খুনের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিহত নাছির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক ছিলেন। তিনি কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামের আবদুল খালেকের ছেলে।

পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দারা বলেন, গুরিয়ারূপ গ্রামে একটি পুরোনো মসজিদ আছে। সেই মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই বছর আগে নাছিরের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের ঝামেলা হয়। এ ঘটনা ধামাচাপা দিতে গ্রামের প্রভাবশালী ব্যক্তি ও ওয়াসার পাম্প অপারেটর নাছির উদ্দিন মসজিদের নতুন কমিটি গঠন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাছির পাড়ার লোকজনদের সহযোগিতায় আরেকটি মসজিদ, হাফেজিয়া মাদ্রাসা ও একটি এতিমখানা নির্মাণ করেন। এ নিয়ে পুরোনো মসজিদ কমিটির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ আরও বাড়ে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, গত সোমবার রাতে নাছির এশার নামাজ পড়ে নতুন মসজিদের ভেতরেই বসে ছিলেন। এ সময় নাছির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মসজিদের ভেতরে ঢোকে। এ সময় কেউ একজন নাছিরকে বল্লম দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার সকালে গুরিয়ারূপ গ্রামে গিয়ে নাছির উদ্দিন ও মসজিদ কমিটির কাউকে না পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।

নিহত ব্যক্তির স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে নাছির উদ্দিনকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন গুরিয়ারূপ গ্রামের ইসমাইল, মুসলিম উদ্দিন, দৌলত মিয়া, মোহাম্মদ আলী ও মিন্টু মিয়া।

কিশোরগঞ্জে তরুণী খুনের ঘটনায় গতকাল করিমগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি সাদিয়া পারভীনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

করিমগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের কুর্শ্বাখালী গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে জোসনা আক্তারের সঙ্গে প্রতিবেশী আজিজুল ইসলামের মেয়ে সাদিয়া পারভীনের কলহ চলছিল। সোমবার রাত ১১টার দিকে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদিয়া ঘরে থাকা ধারালো দা দিয়ে জোসনাকে কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে জোসনা ঘটনাস্থলেই মারা যান।