ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির পক্ষের লোকজন চার বাড়িতে অগ্নিসংযোগ ও সাতটিতে ভাঙচুর চালিয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম জহিরুল হক (৫৫)। তিনি সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ গ্রামের বাসিন্দা ও শহরের জগতবাজারের জহির ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
আটককৃতরা হলেন শহরের শিমরাইলকান্দি এলাকার শিথিল আহমেদ (২১) ও পূর্ব মৌড়াইল এলাকার কলেজপাড়ার রহমত উল্লাহ ওরফে ফারাজ (২১)।
নিহতের পরিবারের অভিযোগ, গত ২৮ মার্চ পঞ্চম ধাপে নির্বাচনের সময় নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড থেকে বশির আহমেদ ওরফে বসু ও সিরাজুল ইসলাম সদস্য পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে চাচা সিরাজুলের পক্ষে কাজ করেন জহিরুল ইসলাম। নির্বাচনে সিরাজুল বিজয়ী হন। এরপর থেকে বশির আহমেদের সঙ্গে জহিরুল হকের দ্বন্দ্ব দেখা দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে জহিরুল হক তাঁর ছোট ভাই ভাই কবির হোসেনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দাড়িয়াপুর এলাকায় দুটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত এসে তাঁদের অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় তারা জহিরুল ও কবিরকে অটোরিকশা থেকে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকায় হামলার খবর পৌঁছালে জহিরুল হকের পক্ষের লোকজন বশির আহমেদ, তাঁর ভাই হারুন মিয়া, চাচাতো ভাই আমির হামজা ও খন্দকার আবুল কাশেমের ঘরে আগুন দেয়। এ ছাড়া তাঁরা প্রতিপক্ষের কবির মিয়া, শাহজাহান, গিয়াস উদ্দিন, মো. মেসবাহ, সফর আলী, দ্বীন ইসলাম, সাচ্চুর মিয়ার ঘর ভাঙচুর করে।
নিহত ব্যক্তির ছোট ভাই আহত কবির হোসেন বলেন, ‘ইউপি নির্বাচনের সময় বিরোধকে কেন্দ্র করেই বশির আহমেদের পক্ষের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। ওই সময়ের বিরোধকে কেন্দ্র করে বশির আহমেদের লোকজন আমার ভাইকে হত্যা করেছে।’
এ বিষয়ে কথা বলতে চাইলে একাধিকবার ফোন করলেও বশির আহমেদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে হত্যার অভিযোগ অস্বীকার করে বশির আহমেদের ছেলে রাসেল আহমেদ বলেন, নির্বাচন নিয়ে বিরোধের অভিযোগটি সত্য নয়। জুয়া খেলা নিয়ে মাস দেড়েক আগে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়েছিল। তিনি দাবি করেন, ‘ডাকাতরা ওই ঘটনা ঘটিয়েছে। এখন আমাদের ওপর চাপানোর চেষ্টা চলছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি) মঈনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আটককৃত দুজন জিজ্ঞাসাবাদে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন সেখানে গিয়েছিল বলে শিকার করেছেন।