ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় শরিফা বেগম (৩০) ও তাঁর মেয়ে মারুফা বেগমের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে সদর মডেল থানার পুলিশ সদর উপজেলার বুধল ইউনিয়নের মালীহাতা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে। শরিফা বেগমের স্বামী তাদের শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে চাতালশ্রমিক শরিফা বেগমের সঙ্গে ছয় মাস আগে একই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের চাতালশ্রমিক বাচ্চু মিয়ার (৪৫) বিয়ে হয়। এর আগেও বাচ্চু মিয়া একাধিক বিয়ে করেছেন। তাঁর দুই মেয়ে রয়েছে। ১২-১৩ বছর আগে শরিফা বেগমেরও বিয়ে হয়েছিল। মারুফার জন্মের এক বছর পর শরিফার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শরিফা বেগম পশ্চিম কুট্টাপাড়ায় একটি চাতালকলে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। মারুফা তাঁর সঙ্গেই ছিল।
ছয় মাস আগে শরিফার সঙ্গে বাচ্চু মিয়ার বিয়ে হলেও শরিফা কুট্টাপাড়া গ্রামের চাতালকলেই থাকতেন। আর বাচ্চু মিয়া এক স্ত্রী ও দুই মেয়েসহ কুট্টাপাড়াসংলগ্ন মালিহাতা গ্রামের আবদুল বাসির মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। সোমবার বিকেলে আগের স্ত্রী দুই মেয়েকে নিয়ে বুড্ডা গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর মঙ্গলবার দুপুরের পর শরিফা ও মারুফাকে ভাড়াবাড়িতে নিয়ে আসেন বাচ্চু মিয়া। প্রতিবেশীরা জানান, গতকাল বুধবার সকাল আটটার দিকে ঘরের বাইরে তালা দিয়ে গা ঢাকা দেন বাচ্চু মিয়া। এ সময় প্রতিবেশীরা কিছুই বুঝতে পারেননি।
শরিফা বেগমের বড় বোনের ছেলে মাহবুব মিয়া (১৮) বলেন, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বাচ্চু মিয়া শরিফা ও মারুফাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি মুঠোফোনে তাঁকে জানান। এরপর বাচ্চু মিয়া তাঁর ফোনটি বন্ধ করে দেন। বেলা দুইটার দিকে সদর থানার পুলিশ মালিহাতা গ্রামে পৌঁছে আধপাকা বাড়ির একটি কক্ষের তালা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই ইশতিয়াক আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে মা-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।