ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় গত দুই দিনে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় দোকান ও বসতঘর ভাঙচুর এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আওলিয়া বেগম নামের এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন।
এ ছাড়া গতকাল শনিবার সদর উপজেলার চান্দি গ্রামে মাহফিলে কথা বলায় এবং বাঞ্ছারামপুরে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে আরও ২৯ জন আহত হয়।
গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শরীফপুর এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পীরবাড়ি এলাকার মুহিত মিয়ার ছেলে কাউছার মিয়াকে আটকে রাখেন শরীফপুর এলাকার লোকজন।
খবর পেয়ে পীরবাড়ি এলাকার লোকজন তাকে ছাড়িয়ে আনতে শরীফপুর যায়। কাউছারকে ছাড়িয়ে আনার পর গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় পীরবাড়ি এলাকার ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিরোধ মেটানোর জন্য গতকাল সকাল ১০টার দিকে পীরবাড়ি বাজারে সালিসে বসেন উভয় পক্ষের লোকজন। কিন্তু এই সময় সালিসে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে শরীফপুরের লোকজন পীরবাড়ি বাজারের পাঁচটি দোকান ও পীরবাড়ি এলাকার আউয়াল মিয়া, আয়েশা বেগম, সাইফুল মিয়ার বাড়িসহ মোট ১০টি বাড়ি ভাঙচুর করে।
এ ছাড়া তাঁরা পীরবাড়ি এলাকার আওলিয়া বেগমের (৮০) বাড়িতে অগ্নিসংযোগ করলে তিনি অগ্নিদগ্ধ হন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক ইসতিয়াক আহমেদ জানান, উত্ত্যক্ত করার ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির মা থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে সদর উপজেলার চান্দি মসজিদ মাঠে মাহফিলে কথা বলায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে শরীফ মিয়া, আলমগীর হোসেন, অলিউর রহমান, অহিদ মিয়া, হৃদয়, বাবুল মিয়াসহ ১২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার কল্যাণপুর গ্রামে জলিল মিয়ার সরিষাখেত নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়া এবং একই এলাকার সোহাগ মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জলিল মিয়া সোহাগকে চড় মারেন।
ওই ঘটনায় জের ধরে সোহাগ মিয়ার মামা মালু মিয়ার লোকজন গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জলিল মিয়ার বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে মো. রবিউল্লাহ, আবদুল জলিল, আলী হোসেন, মো. জামান, আমির হোসেন, রেজিয়া বেগম, সোহাগ মিয়া, মালু মিয়া, আবুল কাসেম আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে রবিউল্লাহ ও আবদুল জলিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মালু মিয়া হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।