ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১০ জন আহত, রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় রেলপথ অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। গত শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও আটলা গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া নিয়ে চান্দপুর ও আটলা গ্রামের দুই অটোরিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। এর জের ধরে রাত আটটার দিকে চান্দপুর ও আটলা গ্রামের লোকজন লাঠি, দা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন পাঘাচং রেলস্টেশন এলাকার রেললাইনে অবস্থান নিলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে।
সংঘর্ষে আহত লিটন মিয়া, সোহরাব হোসেন, আলী মিয়াসহ সবাই স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মাঈনুল ইসলাম বলেন, সংঘর্ষে লিপ্ত লোকজন পাঘাচং রেলস্টেশন এলাকার রেললাইনে অবস্থান নিলে ট্রেন চলাচল রাত ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকে। পরে দুই গ্রামের মানুষকে পুলিশ রেললাইন থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। রাত সাড়ে নয়টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই গ্রামের লোকজন বিষয়টির আপস মীমাংসা করেছেন বলে জানান তিনি।