ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে লাঞ্ছিত করলেন চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ইমরান খান গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় মিজানুর রেজা কানের ব্যাথাজনিত সমস্যার জন্য সদর হাসপাতালে যান। বহির্বিভাগ থেকে টিকিট নিয়ে তিনি হাসপাতালের নিচতলায় নাক, কান ও গলা বিশেষজ্ঞ ইমরান খানের কক্ষের সামনে সারিতে দাঁড়ান। ওই সময় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ভিড়ে ঠাসা ছিল চিকিৎসকের কক্ষ। মিজানুর রেজা দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থাকার পর ওই চিকিৎসককে আগে রোগী দেখার অনুরোধ করেন। এতে চিকিৎসক ইমরান ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মিজানুরের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। সাংবাদিক পরিচয় জানতে পেরে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন অশোভন মন্তব্য করেন ওই চিকিৎসক। অন্য সাংবাদিকেরা ঘটনাটি জানতে পেরে সদর হাসপাতালে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা করে চিকিৎসক ইমরান খান ও হাসপাতালের অব্যবস্থাপনার জন্য তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরীর অপসারণ দাবি করে এক সপ্তাহের সময় বেঁধে দেন। প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মো. আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুসহ কয়েকজন সাংবাদিক।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন বলেন, সাত দিনের মধ্যে তাঁদের অপসারণ করা না হলে সাংবাদিক নেতারা কঠোর কর্মসূচি দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক বলেন, ‘চিকিৎসক ইমরান এর আগেও অনেক রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাঁর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি।’
এর আগে গত ১ ফেব্রুয়ারি দুপুরে পেশাগত দায়িত্ব পালনে হাসপাতালের জরুরি বিভাগে গেলে প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুনকে তেড়ে আসেন চিকিৎসক ইমরান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর তাঁকে জরুরি বিভাগ থেকে বহির্বিভাগে স্থানান্তর করা হয়।
২ জুন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের চৈতেন সরকারের মেয়ে ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকার দেবেন্দ্র চন্দ্র বিশ্বাসের স্ত্রী বীণা সরকার (২৭) ইমরানের ভুল চিকিৎসায় মারা যান বলে অভিযোগ ওঠে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নাকের পলিপাসজনিত (নাকের মাংস বৃদ্ধি) সমস্যা নিয়ে ইমরান খানের কাছে যান বীণা। পরে অস্ত্রোপচার করাতে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় বীণাকে। অস্ত্রোপচারের আধ ঘণ্টা পর বীণা মারা যান।
বীণার স্বামী দেবেন্দ্র চন্দ্র বিশ্বাস ও ভাই পলাশ সরকার বলেন, চিকিৎসক ইমরানের অবহেলার কারণেই বীণা মারা গেছেন। মৃত্যুর পর তাঁদের সনদ ছাড়াই হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের।
জানতে চাইলে চিকিৎসক ইমরান খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সাংবাদিক সৈয়দ মিজানুরের সঙ্গে দুর্ব্যবহার করিনি। উল্টো তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমাকে হুমকি দিয়েছেন। আমি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরী বলেন, ‘আমি ছুটিতে আছি। আর ওই বিষয়ে কিছু জানি না।’