সিলেটের ওসমানীনগর উপজেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার খাশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে সেপটিক ট্যাংক থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সৈয়দা হেমি বেগম (৫০) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরগোসাইপুর গ্রামের বাসিন্দা আবদুর রহিম (৮০)।
ওসমানীনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় পারিবারিক কলহের জের ধরে উপজেলার খাশিপাড়া গ্রামের আবদুল হান্নান (৬০) তাঁর স্ত্রী হেমি বেগমের মাথায় দা দিয়ে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই হেমি মারা যান। ঘটনার পর থেকে হান্নান পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসমানীনগর থানার ওসি মো. শহিদ উল্লা বলেন, নিহত হেমির স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মৌলভীহাটি এলাকার এ এম এম রফিকউল্লাহর বাড়ির সেপটিক ট্যাংক থেকে আবদুর রহিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহিম মিশু নিবাসের বাসিন্দা এ এম এম রফিকউল্লাহর স্ত্রী শারমিন আক্তারের দূরসম্পর্কের চাচা হন। তিনি তাঁদের বাসা মিশু নিবাসে নিয়মিত যাতায়াত করতেন। গতকাল সকালে ওই বাড়ির সেপটিক ট্যাংকে রহিমের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বেলা তিনটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক এ এম এম রফিকউল্লাহ, তাঁর স্ত্রী শারমিন আক্তার ও ছেলে আসিফ উল্লাহকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।