ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পিপলস স্ট্যান্ডার্ড স্কুল নামের একটি বিদ্যালয়ের কোচিং ক্লাসে উপস্থিত না হওয়ায় হোস্টেল সুপার ও সহকারী শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রের নাম নাজমুল হক। সে সদর উপজেলার পুতাই গ্রামের সহিদুল হকের ছেলে। সে পিপলস স্ট্যান্ডার্ড স্কুলের দশম শ্রেণির আবাসিক ছাত্র। নাজমুল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় নাজমুল হকের মামা মো. জায়েদুল কবীর বাদী হয়ে বিদ্যালয়ের উপাধ্যক্ষ রওশন আরা বেগম, হোস্টেল সুপার মো. মাহফুজ ও সহকারী শিক্ষক নুরুল হকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ সুবোধ চন্দ্র চৌধুরী ও উপাধ্যক্ষ নাজমুল হককে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যালয় ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সাহ্রি খেয়ে পিপলস স্ট্যান্ডার্ড স্কুলের হোস্টেলের একটি কক্ষে ঘুমিয়ে পড়ে নাজমুল। গতকাল সকাল আটটায় কোচিংয়ে তার ক্লাস ছিল। কিন্তু ঘুম থেকে উঠতে না পারায় নাজমুল কোচিং ক্লাসে যেতে পারেনি। কোচিং ক্লাসে অনুপস্থিত থাকায় উপাধ্যক্ষ রওশন আরা বেগমের নির্দেশে হোস্টেল সুপার মো. মাহফুজ মিয়া ও সহকারী শিক্ষক নুরুল হক তাকে ডাকতে তার কক্ষে যান। কক্ষের দরজা খোলার সঙ্গে সঙ্গে মাহফুজ ও নুরুল হক হাতে থাকা কাঠের রুল ও বেত দিয়ে নাজমুলকে বেধড়ক পেটাতে শুরু করেন। একপর্যায়ে নাজমুল সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে খবর পেয়ে তার মামা মো. জায়েদুল কবীর, মা মমতাজ বেগমসহ অন্য স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে নাজমুলকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। বিকেলে নাজমুলের মামা এ বিষয়ে সদর থানায় মামলা করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য হনুরুল হককে ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হোস্টেল সুপার মাহফুজ মিয়া গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে বলেন, ‘সে ছাত্র, আমরা ওস্তাদ। তারে মানুষ করার জন্য হোস্টেলে পাঠানো হয়েছে। নাজমুল হক প্রায়ই সকালে বিভিন্ন অজুহাতে কোচিংয়ে না গিয়ে ঘুমিয়ে থাকে। গতকাল সকালে নাজমুল ভেতর থেকে তার কক্ষের দরজায় তালা দিয়ে রেখেছিল। তাই তাকে কয়েকটি বেত্রাঘাত করা হয়েছে।’
রওশন আরা বেগম প্রথম আলোকে বলেন, হোস্টেল বাসার মতো। এখানে একটু শাসন তো করাই যেতে পারে। বেত্রাঘাত করলেও তাকে বেশি মারধর করা হয়নি। আপনার নির্দেশে ওই ছাত্রকে মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ সুবোধ চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি হোস্টেলে ঘটেছে, বিদ্যালয়ে নয়। মারধরের বিষয়টি শুনেছি। পরিচালনা কমিটির সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও আহত ছাত্রের স্বজনদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’