
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে দেওয়া ছবিতে মন্তব্য করার ঘটনার জের ধরে এক স্কুলছাত্রকে প্রতিপক্ষ ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় নিহত ছাত্রের এক বন্ধুও আহত হয়। গত বুধবার রাতে জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম মেরাজুল হক ওরফে রাতুল (১৪)। সে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার সৌদিপ্রবাসী আজিমুর রহমানের ছেলে। সে জেলার বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় রাতুলের বন্ধু দক্ষিণ পৈরতলা এলাকার সাইফুল ইসলাম (১৫) আহত হয়। সে ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ, নিহত কিশোরের পরিবার ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, শহরের কান্দিপাড়ার সৌরভ হোসেন ওরফে মিম মাস দুয়েক আগে এক কিশোরীকে বিয়ে করেন। সম্প্রতি অন্য এক তরুণের সঙ্গে তাঁর স্ত্রীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে আরেক কিশোর। সম্প্রতি ওই পোস্টে মন্তব্য করে সৌরভের বন্ধু সাইফুল ও মেরাজুল। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে সৌরভের সঙ্গে সাইফুল ও মেরাজুলেরবিরোধ চলছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ বিষয়ে কথা বলার জন্য সাইফুল ও মেরাজুলকে পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নিয়ে যায় সৌরভ। সেখানে আসার পরপরই সৌরভের সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভ ও তার সহযোগীরা সাইফুলকে ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তারা মেরাজুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেরাজুলকে মৃত ঘোষণা করেন এবং সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দেন। সাইফুল এখন সেখানে চিকিৎসাধীন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুছা জানান, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেরাজুল মারা গেছে।
মেরাজুলের দাদা শরিফুল আলম বলেন, ‘আমার নাতি নামাজ পড়তে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। অন্য ছেলের ঝগড়ার জেরে বিনা দোষে আমার নাতিকে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করেছে তারা। আমরা এর বিচার চাই।’
ঘটনার পর থেকে সৌরভসহ তাঁর পরিবারের সবাই পলাতক। এ বিষয়ে কথা বলার জন্য সৌরভ ও তাঁর স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, সৌরভসহ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে কান্দিপাড়া এলাকা থেকে সিয়ামুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহত মেরাজুলের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।