ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জাপার সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারার মুখে জেলা জাতীয় পার্টির (জাপা) দুটি অংশ সভা ও মানববন্ধন করতে পারেনি। পরে একটি অংশ আশুগঞ্জ উপজেলার একটি হোটেলে ও অপর অংশ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

জানা যায়, সম্প্রতি কেন্দ্রীয় জাপা ব্রাহ্মণবাড়িয়ায় ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদকে সদস্যসচিব করা হয়। এই কমিটি গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকার পুনশ্চ কমিউনিটি সেন্টারে পরিচিতি সভার আয়োজন করে। একই সময় একই স্থানে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ খান, পৌর জাপার সভাপতি ফিরোজ খান, জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুল হক ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দেন। বিষয়টি সাংঘর্ষিক হওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামসুল হক গতকাল ভোর ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৈরতলাসহ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মাস খানেক আগে জেলা জাপার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুল হককে আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ খানকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটির প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় জাপা জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক ও কাজী মামুনুর রশীদকে সদস্যসচিব করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

নাসির আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা নয় উপজেলা তৃণমূলের নেতাদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। সেখানে ওয়াহেদুল হককে আহ্বায়ক ও আমাকে সদস্যসচিব করা হয়েছিল। নতুন আহ্বায়ক কমিটি বিষয়ে কেন্দ্রে দলের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।’

জিয়াউল হক মৃধা বলেন, ‘তাঁরা প্রত্যাশিত পদ না পেয়ে এমনটি করেছেন। জেলার নয়টি উপজেলায় নতুন কমিটি করে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য কেন্দ্রীয় জাপা আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, বিশৃঙ্খলা এড়ানোর জন্য প্রশাসনের নির্দেশে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সকাল থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল।