ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মোহাব্বত খাঁ (২৯)। গত বুধবার রাত তিনটার দিকে বিজয়নগর উপজেলার শশই গ্রামে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত তিনটার দিকে একদল ডাকাত শশই গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতেরা। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে মোহব্বত খাঁ গুলিবিদ্ধ হন। আহত হন এক উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্য। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুটি রামদা, চারটি ছুরি ও তিনটি বল্লম উদ্ধার করে।
গুলিবিদ্ধ মোহব্বত খাঁকে উদ্ধার করে রাত চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মোহাব্বত খাঁ নাসিরনগর উপজেলার কোরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
পুলিশের দাবি, মোহাব্বত খাঁ আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা আছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুর রহমান (৩৪), কনস্টেবল রজব আলী (৪৭), সোহাগ মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪৮)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, মোহাব্বতের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় তিনটি, মৌলভীবাজারের কুলাউড়াতে দুটি, সিলেটের জালালাবাদে একটি, হবিগঞ্জের মাধবপুরে একটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে।