ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাউসার ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলার ভাতশালা এলাকায় গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা কাউসার মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, গত শনিবার সন্ধ্যায় পুলিশ তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়ার ভাষ্যমতে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় মাদকের (ইয়াবা) একটি বড় চালান আসবে বলে গত শনিবার খবর পায় পুলিশ। ওই দিন রাত সাড়ে তিনটার দিকে ভাতশালা এলাকার আখাউড়া থেকে সদর উপজেলাগামী একটি গাড়িকে থামার সংকেত দেয় ডিবি পুলিশের একটি টহল দল। এ সময় গাড়ির আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গাড়ির আরোহীরা একপর্যায়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয় কাউসারকে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, শটগানের কার্তুজের দুটি খোসা ও ১৯৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তবে সদর হাসপাতালে নিহত কাউসারের স্ত্রী রিনা বেগম ও তাঁর মেয়ে লিজা আক্তার প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় সাদাপোশাকের দুজন এবং পোশাক পরা দুই পুলিশ সদস্য কান্দিপাড়ার বাসা থেকে কাউসারকে আটক করে নিয়ে যান। পরে রাতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খোঁজ করে কাউসারের কোনো সন্ধান পাননি তাঁর স্ত্রী ও মেয়ে। গতকাল সকালে সদর হাসপাতালের মর্গে গিয়ে তাঁর লাশ দেখতে পান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগটি সত্য নয়। কান্দিপাড়া থেকে শনিবার গোয়েন্দা পুলিশ কাউকে আটক করেনি বা কোনো অভিযানেও যায়নি।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত কাউসারের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে।