ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন।
পুলিশের ভাষ্য, গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শশই নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এই বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের বিবরণ অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মহব্বত আলী (২৮)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।
পুলিশের ভাষ্য, মহব্বত আলী আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুনের ভাষ্য, মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির খবর পায় পুলিশ। টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি করে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত হন পুলিশের চার সদস্য।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ মহব্বত আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।