ব্রিটিশ নাগরিকের পিস্তল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীম আহমেদ (৪০) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের কাছ থেকে একটি পিস্তল ও ১ হাজার ৪০০ পিস গুলিসদৃশ বস্তু জব্দ করেছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। ১৯ সেপ্টেম্বর সকালে এমিরেটস এয়ারলাইনসে করে ইংল্যান্ড থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন তিনি। জিজ্ঞাসাবাদে তাঁর বাড়ি সিলেটের বালাগঞ্জে বলে জানিয়েছেন শামীম আহমেদ।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার ওমর মবিন প্রথম আলোকে বলেন, শামীম আহমেদের লাগেজ স্ক্যান করার সময় তার ভেতরে একটি প্যাকেটে পিস্তল ও গুলিসদৃশ বস্তুগুলো পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি এটি খেলনা পিস্তল বলে দাবি করেন। তবে ওই প্যাকেটের গায়ে লেখা ছিল, এটা খেলনা নয়, সতর্ক হয়ে ব্যবহার করুন। এর জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তাই এগুলো জব্দ করে রাখা হয়।