ব্রুনাইয়ে গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার ৫ যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাজশাহীর বাগমারার পাঁচ যুবককে ব্রুনাইয়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরে এসেছেন তাঁরা। টাকা ফেরত ও নির্যাতনের বিচার চেয়ে তাঁরা থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা সংবাদ সম্মেলন করে নির্যাতনের বর্ণনা দেন।
প্রতারিত ব্যক্তিদের ভাষ্যমতে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের ব্রুনাইপ্রবাসী আসাদুল ইসলাম ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাদোপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৩০), মথুরাপুরের সোনাবুল রানা (২৭), বাঙ্গালপাড়ার প্রশান্ত কুমার (২৪), নিমপাড়ার মামুন হোসেন (২৬) ও যাত্রাগাছির ভুট্টু হোসেনকে (২৬) ব্রুনাইয়ে নিয়ে যান। এ জন্য প্রত্যেকের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেওয়া হয়। আসাদুল ইসলামের পক্ষে তাঁর চাচাতো ভাই আশরাফুল ইসলাম ও বাবা আবেদ আলী টাকা নেন।
গতকাল তাহেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারিত যুবক ও তাঁদের পরিবারের সদস্যরা বলেন, গত মার্চ মাস থেকে মে মাসের মধ্যে বিভিন্ন সময়ে ভ্রমণ ভিসায় তাঁদের ব্রুনাইয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে আসাদুল ইসলাম তাঁদের গ্রহণ করে সালামদিঘা শহরের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর প্রতারিত হওয়ার বিষয়ে তাঁরা নিশ্চিত হন। তাঁরা বলেন, কোনো কাজ বা খাবার না দিয়ে একটি ঘরে তাঁদের ঠাসাঠাসি করে রাখা হয়। খাবার ও কাজ চাইলে তাঁদের হাতুড়ি দিয়ে হাত ও পায়ে পিটিয়ে থেঁতলে দেওয়া হয়।
শরীর ও হাতের ক্ষতচিহ্ন দেখিয়ে প্রশান্ত কুমার বলেন, তাঁদের ওই বাড়িতে রেখে আসাদুল ব্রার্গাস শহরের আরেকটি বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে এসে তাঁদের খাবার দিতেন। একপর্যায়ে ওই ঘরে থাকা সাতজনই অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের মধ্যে চর্মরোগ দেখা দেয়।
সোনাবুল রানা বলেন, জমিজমা বিক্রি ও ঋণ করে সাড়ে চার লাখ টাকা দিয়ে আসাদুলের মাধ্যমে ব্রুনাই গিয়ে এখন নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, বাড়িতে এসব কথা জানানোর ভয় দেখালে তাঁদের হাতুড়ি দিয়ে পেটানো হতো। তিনি জানান, আসাদুল ইসলামের নিয়ন্ত্রণে বাগমারা, নাটোর ও পুঠিয়া এলাকার মোট ২৮ জন রয়েছেন। তাঁরা দেশে ফিরতে পারলেও অন্যরা পারছেন না।
বাঙ্গালপাড়া গ্রামের জেলে গোপাল হালদার বলেন, আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রুনাইয়ে আছেন। আট মাস আগে দেশে এসে তাঁদের জানিয়েছেন, ওই দেশের একটি কোম্পানির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সেখানে ভালো বেতনে চাকরি দেওয়া হবে। তাঁর কথায় বিশ্বাস করে ছেলেকে পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন। তাঁর পক্ষে দেশে থেকে বাবা ও চাচাতো ভাই টাকা নিয়েছেন।
আসাদুল ইসলামের চাচাতো ভাই আশরাফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আসাদুলের বাবা আবেদ আলী বলেন, তাঁর ছেলে অনেক দিন ধরে বিদেশে আছে। যাঁদের পাঠিয়েছিল, তাঁদের ভালো চাকরি দেওয়া হয়েছিল। টাকা সব ওই কোম্পানির লোকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। মুঠোফোন না ধরায় আসাদুল ইসলামে সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান তিনজনের লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চত করে বলেন, সবাইকে ভ্রমণ ভিসায় পাঠানো হয়েছিল। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।