ব্র্যাক কর্মকর্তাদের পিটিয়ে ছয় লাখ টাকা ছিনতাই
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্র্যাকের দুই কর্মকর্তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারধর করে ছিনতাইকারীরা প্রায় ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গতকাল রোববার বিকেলে চারাখালী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাঁরা হলেন ব্র্যাকের দৌলতপুর উপজেলার শ্যামগঞ্জ শাখার হিসাবরক্ষক সোলেমান হোসেন (৩৫) এবং কর্মসূচি কর্মকর্তা ইসমাইল হোসেন (৩২)।
ভুক্তভোগী ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ব্র্যাকের শ্যামগঞ্জ শাখার কর্মসূচি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রোববার বেলা তিনটার দিকে ব্র্যাকের শ্যামগঞ্জ শাখা থেকে ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা উত্তরা ব্যাংকের ঘিওর উপজেলা শাখায় জমা দিতে ওই দুই কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে রওনা হন। ইসমাইল মোটরসাইকেল চালিয়ে শ্যামগঞ্জ-খলসী-ঘিওর সড়ক দিয়ে যাচ্ছিলেন। বিকেল পৌনে চারটার দিকে চারাখালী এলাকায় পেছনে থেকে দুই মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত কর্মকর্তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর তাঁদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত বলেন, দৌলতপুরের পারুলিয়া বাজার এলাকা থেকে টাকাসহ আরব আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।