ব্লগার অনন্ত হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা

ব্লগার, লেখক ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশকে (৩২) হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত চার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সিলেট নগরের বিমানবন্দর থানায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মামলা হয়। মামলা করেন অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ।
আজ বুধবার সকালে নগর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ প্রথম আলোকে বলেন, এর আগে তিন ব্লগার খুন হওয়ার ঘটনার সঙ্গে এই (অনন্ত) হত্যাকাণ্ডের মিল দেখা যাচ্ছে। সে অনুযায়ী আমরা আগাচ্ছি।
অনন্ত হত্যার প্রতিবাদে সিলেট নগরে আজ সকাল ছয়টা থেকে অর্ধদিবস হরতাল শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। নগরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। প্রগতিশীল ছাত্রজোট ও গণজাগরণ মঞ্চ এই হরতাল ডেকেছে।
গতকাল সকালে সিলেট নগরের সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে নিজ বাসার সামনে অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
মুক্তমনা ও সামহোয়্যার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন অনন্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসেবেও কাজ করেছেন তিনি।
দেশে এ নিয়ে চলতি বছরেই তিনজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হলো। গত ফেব্রুয়ারিতে মুক্তমনা ব্লগের প্রধান সম্পাদক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক অভিজিৎ রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এর এক মাস না যেতেই তেজগাঁওয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও অনলাইন লেখক ওয়াশিকুর রহমানকে।
পুলিশ বলছে, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, ব্লগার রাজীব ও অভিজিতের মতো এই হত্যায় উগ্রপন্থী কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে।
অনন্তর স্বজনেরা জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় কর্মরত ছিলেন তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট অনন্ত অবিবাহিত ছিলেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও অনন্তর স্বজনেরা জানান, অনন্ত গতকাল সকাল সোয়া আটটার দিকে ব্যাংকে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। রিকশা না পেয়ে হাঁটতে হাঁটতে তিনি বাসা থেকে আড়াই শ গজ দূরে সুবিদবাজার মূল সড়কে আসেন। সেখানে কালো কাপড়ে মুখ ঢাকা ও কালো চশমা পরা চারজন যুবক হঠাৎ করেই পেছন দিক থেকে অনন্তের মাথায় চাপাতি দিয়ে কোপাতে থাকেন। অনন্ত উল্টো দিকে দৌড়ে তাঁর বাসার দিকে যেতে থাকেন। যুবকেরা তাঁকে ধাওয়া করেন। অনন্ত প্রায় ৫০ গজ পেছনে দৌড়ে দস্তিদার দিঘিরপাড় এলাকায় আসেন। পেছনে পেছনে দৌড়ে যুবকেরা সেখানে গিয়ে অনন্তকে ঘিরে ফেলে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। একপর্যায়ে মাটিতে পড়ে যান অনন্ত। খুব অল্প সময়ের মধ্যেই কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করার পর যুবকেরা বনকলাপাড়া সড়ক দিয়ে পালিয়ে যান।
ঘটনার পরপর আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে স্বজনেরা অনন্তকে উদ্ধার করে সোয়া নয়টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।