ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
রাজধানীর তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলার পাঁচ আসামিই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান আগামী ৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন পরে প্রথম আলোকে বলেন, গতকাল আদালতে সাক্ষ্য দেন জব্দ তালিকার সাক্ষী মনিরুল ইসলাম, তপন চন্দ্র শীল ও আবু ইউসুফ।
২০১৫ সালের ৩০ মার্চ সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান। হত্যাকাণ্ডের পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। এ সময় আবু তাহের নামের আরেকজন পালিয়ে যান। এ ঘটনায় নিহত ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন তেজগাঁও থানায় হত্যা মামলা করেন।
পরে আসামি জিকরুল্লাহ ও আরিফুল জবানবন্দি দিয়ে ওয়াশিকুর রহমানকে হত্যার কথা স্বীকার করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আবদুল্লাহ ও আবু তাহের জুনায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আসামি হাসিব ও জুনায়েদ পলাতক রয়েছেন। চলতি বছরের ২০ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করা হয়।