ব্লেড দিয়ে ফোড়া কাটায় রক্তক্ষরণে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে গত শুক্রবার এক পল্লিচিকিৎসক ব্লেড দিয়ে ফোড়া কাটার পর রক্তক্ষরণে তিন বছরের এক শিশু মারা গেছে। রাতেই সালিস করে বিষয়টি দুই লাখ টাকায় মীমাংসা করা হয়েছে।
মৃত শিশুর নাম মো. শাকিল। সে সদর উপজেলার কদমপাল গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ওই পল্লিচিকিৎসকের নাম বিপ্লব কুমার দত্ত। তাঁর বাড়ি ভদ্রঘাট কাচারি পাড়া গ্রামে। তিনি শেখ আবদুল হামিদ বি এম কৃষি কলেজের প্রভাষক।
সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ করেননি। পল্লিচিকিৎসকদের এ ধরনের ফোড়া অপারেশন করার নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দত্ত ফার্মেসি নামে ভদ্রঘাট বাজারে একটি ওষুধের দোকান চালান বিপ্লব কুমার দত্ত। শুক্রবার সকালে শফিকুল ইসলাম ছেলে শাকিলের পেটের ডান পাশে ওঠা ফোড়ার চিকিৎসা করার জন্য তাঁর কাছে আসেন। তিনি ব্লেড দিয়ে ফোড়া কাটতে হবে বলে জানান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি শাকিলকে অচেতন না করেই দোকানের মধ্যে ব্লেড দিয়ে ফোড়া কাটা শুরু করেন। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। অবস্থা খারাপ হতে থাকলে শাকিলকে হাসপাতালে নেওয়ার কথা বলে দোকান তালাবদ্ধ করে আত্মগোপন করেন।
দোকান থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে শাকিল মারা যায়। রাতে গ্রামের মাতবরেরা শফিকুল ইসলামের সঙ্গে দুই লাখ টাকার বিনিময়ে ঘটনাটির মীমাংসা করেন। রাতেই শাকিলের লাশ দাফন করা হয়।
শফিকুল ইসলামের ভাগনে আবদুর রাজ্জাক বলেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে অন্য প্রভাবশালীরা আপস-মীমাংসা করে দিয়েছেন।
বাজারের ওষুধের দোকান মালিক সংগঠনের নেতা আবু সামা বলেন, দত্ত ফার্মেসির মালিক কলেজশিক্ষক বিপ্লবের এমন কর্মকাণ্ডে বাজার ফার্মেসি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ক্ষুব্ধ। তাঁর বিরুদ্ধে সংগঠনের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও বিপ্লব দত্তের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কথিত ওই ডাক্তার পালিয়ে যান। শিশুটির স্বজনেরা লাশ বাড়ি নিয়ে যায়। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’