ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিবাদ জানাল ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিকের অপসারণের দাবি জানিয়েছে ছাত্রীরা। গতকাল সোমবার সকালে ক্লাস শুরুর আগে ছাত্রীরা শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে ওই সহকারী গ্রন্থাগারিকের নাম উল্লেখসহ ‘আমরা স্যারকে চাই না’ লিখে প্রতিবাদ জানায়।
ওই সহকারী গ্রন্থাগারিক ছাত্রীদের পাঠদানও করেন।
যৌন নিপীড়নের শিকার ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বিদ্যালয় ছুটির পর মেয়েটি বাড়ি ফিরছিল। উপজেলার শহীদ ফজলুল হক মনি সেতু পার হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। ওই শিক্ষক মেয়েটিকে ডেকে তাঁর ছাতার নিচে আশ্রয় দেন। এরপর তিনি মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন এবং খারাপ প্রস্তাব দেন। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। ঘটনার পরদিন ছাত্রীর মা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
গত রোববার বিদ্যালয়ের ছাত্রীরা সহকারী গ্রন্থাগারিকের অপসারণের দাবিতে খালি পায়ে বিদ্যালয় প্রাঙ্গণে নেমে প্রতিবাদ জানায়। এ সময় তারা কাগজে এ ঘটনার প্রতিবাদে স্লোগান লিখে প্রদর্শন করে। গতকাল সোমবার সকালে ক্লাস শুরুর আগে শ্রেণিকক্ষের ছাত্রীরা ব্যাকবোর্ডে ‘আমরা স্যারকে চাই না, আমরা যৌন হয়রানিকারীর বিচার চাই’ লিখে প্রতিবাদ জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ পাওয়ার পর গত শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রোববার থেকে সহকারী গ্রন্থাগারিক দুই দিনের ছুটি নিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান ইকরামুল কবির বলেন, সোমবার (গতকাল) থেকে বিদ্যালয় ছুটি হয়ে গেছে। বিদ্যালয় খোলার পর এ ঘটনার তদন্ত করা হবে। এ ব্যাপারে ওই সহকারী গ্রন্থাগারিকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘আমি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছ থেকে বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’