বড় ভাই খুন, আড়াই লাখ টাকায় মীমাংসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুরে বড় ভাইকে তাঁর ছোট ভাই হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামে ওই ঘটনা ঘটে। এদিকে মামলা না করে হত্যার ঘটনাটি আড়াই লাখ টাকায় মীমাংসা করা হচ্ছে বলে নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তি হলেন হরদমা গ্রামের মোজাম প্রামাণিক (৫০)। হাসপাতালে তাঁর লাশ রাখতে আসা ব্যক্তি রাতেই পালিয়ে যান। গতকাল বুধবার বেলা দেড়টা পর্যন্ত হাসপাতালের বারান্দায় লাশটি বেওয়ারিশ অবস্থায় পড়ে ছিল।
বেলা দুইটার দিকে হাসপাতালের তথ্যের (পুলিশ কেস) ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি বলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে মোজাম পাশের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামে শ্বশুরবাড়িতে প্রায় এক যুগ ধরে পরিবারসহ বসবাস করছেন। গত মঙ্গলবার নিজ বাড়িতে বেড়াতে এসে তিনি খুন হন।
নিহত ব্যক্তির ছেলে মিলন ও মিনুর অভিযোগ, দাদার বাড়ির দেড় বিঘা জায়গা নিয়ে তাঁদের চাচা জলিল ও তাঁর স্ত্রী চাচি আয়েশা বেগম এবং ফুপা ফজর আলীর সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। ওই তিনজনের কারণে তাঁদের বাবা বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। সম্পত্তির লোভেই তাঁদের বাবাকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা হাসপাতালের রেকর্ড বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ফজর আলীর ছেলে আশরাফুল ইসলাম মোজামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর সুযোগ বুঝে সটকে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মোজামের বাবা আব্বাস আলী বলেন, মামলা-মোকদ্দমায় না গিয়ে বিষয়টি মীমাংসা করা হচ্ছে। নিহত ব্যক্তির ছেলে মিলন বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনের নেতৃত্বে স্বজনদের নিয়ে এক সমঝোতা বৈঠক হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে আড়াই লাখ টাকা তাঁদের দেওয়া হবে। এ কারণে থানায় মামলা করা হয়নি।
মুঠোফোনে ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, পারিবারিক শান্তি রক্ষার জন্য এই সমঝোতা বৈঠক হয়েছে। তিনি মধ্যস্থতা করেছেন মাত্র। হত্যার ঘটনা তিনি মীমাংসা করতে পারেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
ওসি ইব্রাহিম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই পুলিশ তদন্ত শুরু করবে। তবে সমঝোতার বিষয়টি তাঁর জানা নেই বলে জানান তিনি।