বড় ভাইকে কুপিয়ে হত্যা, আহত ছোট ভাইও
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সোমবার রাতে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত ব্যক্তির ছোট ভাইকেও কোপানো হলে গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৬৪)। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। গুরুতর আহত হয়েছেন মজিবরের ছোট ভাই মিজানুর রহমান। রাত এগারোটা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মজিবর রহমানের নাতনির সঙ্গে একই এলাকার এক ব্যক্তির কিশোর ছেলের প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ওই প্রেমিক ছেলেকে আটকের পর ছেড়ে দেয়। ছেলেটির পরিবারের ধারণা মজিবর রহমান পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে রাত সাড়ে আটটার দিকে দুই ভাইয়ের ওপর হামলা হয়। তাঁরা দুজনই এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে অতর্কিত ভাবে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মজিবর রহমান মারা যান। মিজানুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নেওয়া হচ্ছে। জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি।