বড় ভাইকে নিতে এসে গণপিটুনিতে লাশ হলো শিপন
ভাইকে এগিয়ে নিতে এসে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে শিপন নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুুর-রামগঞ্জ সড়কের পানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার হয়েছেন বান্দরবান থেকে আসা শিপনের সেই ভাই আল আমিনও। আল আমিন বান্দরবান রুমা সেনাক্যাম্পের সৈনিক। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিপন রায়পুর আল আরাফা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। শিপন ও আল আমিন রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের সামছুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গতকাল শনিবার সকালে বান্দরবান থেকে রওনা হয়ে সন্ধ্যায় রায়পুর শহরে পৌঁছান আল আমিন। বড় ভাইকে এগিয়ে নিতে আগেই রায়পুরে আসে শিপন। পরে দুই ভাই একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ১০টার দিকে তাঁরা পানপাড়া এলাকায় পৌঁছালে ২০-২৫ জনের একটি দল ছিনতাইকারী সন্দেহে তাঁদের দুজনকে আটক করে মারধর করেন।
এতে শিপন ও আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিপন মারা যায়। আল আমিনকে প্রথমে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাত দুইটার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিত্সাধীন আল আমিন সাংবাদিকদের জানান, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে বান্দরবান থেকে রায়পুর আসেন। সেখান থেকে রামগঞ্জ যাওয়ার পথে পানপাড়া এলাকায় ২০-২৫ জনের একদল সন্ত্রাসী তাঁদের আটক করে বেদম মারধর করে। এতে তাঁর ছোট ভাই মারা যায়। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. শাহ মিজান সাফিউর রহমান ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈকত শাহীন ও সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়াকে পাঠানো হয়েছে। নিহত শিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।