বড় ভাইয়ের গায়ে আগুন দেওয়ার অভিযোগ
নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের নিউ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিউ টাউন এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে (৪১) তার মা ও বড় ভাই নুরুল ইসলামের (৪৫) সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দেলোয়ার ঘর থেকে পেট্রল ভরা বোতলে আগুন ধরিয়ে নুরুলের গায়ে ছুড়ে মারে। এতে নুরুল দগ্ধ হন। নুরুলের গায়ে আগুন দেওয়ার সময় পেট্রল ছিটকে বেরিয়ে গিয়ে দেলোয়ারের গায়েও লাগে। তিনি নিজেও অগ্নিদগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
সিভিল সার্জন বিজন কান্ত সরকার বলেন, নুরুলের শরীরের প্রায় আট শতাংশ পুড়ে গেছে। আর দেলোয়ারের শরীর কিছুটা দগ্ধ হয়েছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুল আলম প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।