বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
পারিবারিক কলহের জেরে কুড়িগ্রাম সদর উপজেলায় ছুরিকাঘাতে রফিকুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুলের বড় ভাই মোকছেদ আলীকে (৪৮) আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান বলেন, শিবরাম গ্রামের মৃত কেসমত আলীর দুই ছেলে মোকছেদ ও রফিকুলের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ ছিল। এর জেরে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মোকছেদ ধারালো ছুরি দিয়ে ছোট ভাই রফিকুলকে আঘাত করেন। স্থানীয় লোকজন আহত অবস্থায় রফিকুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আবদুস সোবহান আরও বলেন, এ ঘটনার পর মোকছেদ আলীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।