বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু?
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার খান্দারপাড় ইউনিয়নের পঁচরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ শেখ (৩২) পঁচরা গ্রামের প্রয়াত কালা শেখের ছেলে। এ ঘটনায় বড় ভাই ওমর শেখ (৪৫) ও তাঁর স্ত্রী আয়শা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিবাদের একপর্যায়ে সকাল পৌনে ১০টার দিকে ওমর শেখ তাঁর ছোট ভাই জাহিদ শেখকে লাঠি দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই জাহিদ মারা যান। এ ঘটনার পর ওমর শেখ ও তাঁর স্ত্রী পালিয়ে যান।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হিমেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযান চালিয়ে পাশের একটি গ্রাম থেকে ওমর শেখ ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। পরে জাহিদের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে ওই দুজনের নামে মামলা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।