বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ খাওয়া নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে মুতাচ্ছির বিল্লাহ (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলায় নূরনগর ইউনিয়নে মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মুতাচ্ছির বিল্লাহর বড় ভাই মাসুম বিল্লাহ পলাতক রয়েছেন। তাঁরা দুজন মানিকপুর গ্রামের আবুল কাসেম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আখ খাওয়া নিয়ে বাড়ির সামনে মুতাচ্ছির ও মাসুমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মাসুম লাঠি দিয়ে ছোট ভাই মুতাচ্ছিরের মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন আহত অবস্থায় মুতাচ্ছিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালিহা খানম তাঁকে মৃত ঘোষণা করেন।

নূরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল কাদের বলেন, ঘটনার পর থেকে মাসুম বিল্লাহ পলাতক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।