বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বামনঘিয়ালা গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম বাঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
থানা-পুলিশ ও নিহত সাইফুলের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ওই গ্রামের বাসিন্দা বড় ভাই হাফিজুল ইসলামের সঙ্গে ছোট ভাই সাইফুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে বড় ভাই হাফিজুল একটি বাঁশের লাঠি দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় সাইফুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
উল্লাপাড়া থানার এসআই রিপন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার সাইফুলের লাশ বগুড়া থেকে উল্লাপাড়া থানায় আনা হয়েছে। গতকাল দুপুরে এ বিষয়ে সাইফুলের শ্যালক হাবিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।